পাবনা প্রতিনিধি: পাবনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রোমান (২৪) নামে সরকারি এডওয়ার্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত রিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শহিদুল ইসলাম জানান, বুধবার দুপুরে রোমান এক রিকশায় চড়ে জালালপুর থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জালালপুর এলাকায় পৌঁছালে কাজিরহাট থেকে রাজশাহীগামী 'হিমেল পরিবহন' নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস রিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রোমান ছিটকে বাসের নিচে পড়ে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন। ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তা আটক করার চেষ্টা চলছে। নিহতের ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
