রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: কঠোর ও নিছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান। 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে জ্বালানিবাহী বিশেষ নিরাপত্তাবেষ্টিত গাড়িবহরটি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

এর আগে শুক্রবার গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীতে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়াম বহনকারী বিশেষ বহরটি।

ইউরেনিয়ামের সড়ক পরিবহন কার্যক্রমে সর্বোচ্চ নিরাপত্তা বিধানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও একাধিক গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। পরিবহন চলাকালে ঢাকা-পাবনা মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করে সড়কপথ পুরোপুরি নিরাপদ রাখা হয়।

প্রকল্প সূত্র জানায়, চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি পারমাণবিক জ্বালানির চতুর্থ চালান। এর আগে প্রথম ইউনিটের জ্বালানির অতিরিক্ত চাহিদা পূরণ ও দ্বিতীয় ইউনিটের প্রাথমিক চালানের অংশ হিসেবে গত ৩ অক্টোবর পর্যায়ক্রমে প্রথম চালান আসা শুরু হয়। পরবর্তীতে ধারাবাহিকভাবে ইউরেনিয়ামের চালান ঈশ্বরদীতে পৌঁছায়, যার মধ্যে সর্বশেষ গত ২৭ অক্টোবর পৌঁছায় তৃতীয় চালানটি।  

—জা. অর্থনীতি/এলএটি