জাতীয় অর্থনীতি স্পোর্টস: মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে আক্ষেপের সুর শোনা গেল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। ম্যাচে টানা পাঁচবার ‘আম্পায়ারস কল’ বিপক্ষে যাওয়ায় নিজের হতাশার কথা লুকাননি তিনি।
১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজ মেহেদী হাসান মিরাজের ওভারেই দুবার এলবিডব্লু থেকে বেঁচে যায় আম্পায়ারস কলের কারণে। পুরো ম্যাচে এমন ঘটনা ঘটে মোট পাঁচবার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘প্রতিপক্ষকে ১৭০ রান দেওয়ার পর এমন পরিস্থিতিতে আম্পায়ারস কলগুলোর অন্তত তিন-চারটি পক্ষে দরকার ছিল। মিথ্যা বলব না, যখন এমন ঘটনা বারবার ঘটে, তখন একটু হতাশ লাগে।’ তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি তিনি।
অধিনায়ক মনে করেন, হারের মূল কারণ প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে না পারা। প্রথম দিন ভালো অবস্থানে থেকেও দ্বিতীয় দিনের শুরুতে ধস নামায় মাত্র ২৭২ রানে অলআউট হয় দল। এছাড়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতা এবং বোলিংয়ে কাঙ্ক্ষিত শৃঙ্খলা ধরে রাখতে না পারার খেসারত দিতে হয়েছে বলে স্বীকার করেন নাজমুল। আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা দলের।
জা. অর্থনীতি/এআর
