পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলে বিলে বজ্রপাতে প্রাণ হারানো ছয় শিশু ও কিশোরের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। একই গ্রামের ছয় তরুণের এমন আকস্মিক প্রয়াণে পুরো এলাকায় শোকের মাতম চলছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর গোরস্থান মাঠে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।
আরও পড়ুন: পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
নিহতরা হলেন-মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)। নিহতদের মধ্যে বেশ কয়েকজন পরস্পরের আত্মীয় ও চাচাতো ভাই।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে শৌখিন মৎস্য শিকারিরা বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বিলের একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের করুণ মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।
এদিকে এই দুর্ঘটনার পর পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা প্রদান নীতিমালার আওতায় নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
