ঠাকুরগাঁও উপনির্বাচনে ৫০ হাজার ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী
ছবি: জাতীয় অর্থনীতি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফয়সল আমিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে ঘোষিত ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীকে মির্জা ফয়সল আমিন পেয়েছেন ৮২ হাজার ৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ভোট।

ঘোষিত ৬৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের চেয়ে ৫০ হাজার ২২৮ ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এ ছাড়া অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী (বটগাছ) পেয়েছেন ১১৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৪৬৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৬৪ ভোট।

বাকী কেন্দ্রগুলোর ভোটগণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি