আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিজেদের এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই সেনা সদস্যের নাম রাজবীর সিং। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজবীর সিংয়ের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোপন ও সামরিকভাবে স্পর্শকাতর নানা তথ্য আইএসআইয়ের কাছে পাচার করার গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন ধরে সামরিক স্পর্শকাতর তথ্য শত্রুপক্ষের কাছে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।
এর আগে গত ৮ অক্টোবর ভারতের পাঞ্জাবের ফাজিলকা থানায় ওই সেনা সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তবে মামলা ও তদন্ত শুরুর বিষয়টি টের পেয়ে তিনি গা-ঢাকা দেন এবং পালিয়ে বেড়াচ্ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি ভারত ও ভুটান সীমান্তের খুবই কাছে অবস্থিত। তিনি সীমান্ত পেরিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন কি না, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেপ্তারের পর গত শুক্রবার রাজবীরকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয়। শুনানিতে সরকারি কৌঁসুলি সৌমিত্রা সিং সরকার জানান, তদন্ত শুরুর পর থেকেই অভিযুক্ত সেনা সদস্য আত্মগোপনে ছিলেন। এ সময় পুলিশের পক্ষ থেকে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়।
শুনানি শেষে শিলিগুড়ির আদালত রাজবীর সিংয়ের দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, তদন্তের স্বার্থে তাকে পাঞ্জাবে নিয়ে গিয়ে আগামী ১ নভেম্বরের মধ্যে ফাজিলকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে।
জেএ/অভি
