আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। চলতি মাসের ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশটির ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোট ২০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে প্রথম দফায় ৮১ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ২৯ জন আফগানিস্তানের, ১২ জন মিসরের, ১০ জন পাকিস্তানের এবং সাতজন বাংলাদেশের নাগরিক। এছাড়া এই দলে সুদানের পাঁচজন, নেপালের চারজন, ইরাকের চারজন, আলজেরিয়া, জর্ডান, ইয়েমেন ও সোমালিয়ার দুজন করে এবং মরক্কো ও ফিলিস্তিনের একজন করে নাগরিক ছিলেন।
অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়। এই দলটিতে সুদানের ১৯ জন, আফগানিস্তানের ১৮ জন, পাকিস্তানের ১৫ জন, বাংলাদেশের ১৩ জন এবং নেপালের একজন নাগরিক রয়েছেন।
আটক অভিবাসীদের ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ এই বলকান রুটটি ব্যবহার করেছেন, যা এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালের তুলনায় প্রায় ৪২ শতাংশ কম।
জেএ/অভি
