সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স

জাতীয় অর্থনীতি বিনোদন: নতুন ছবি প্রকাশ্যে আসার পর থেকেই অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের প্লাস্টিক সার্জারি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ভক্তদের একাংশের দাবি, চোখের চারপাশে ও চেহারায় লক্ষণীয় পরিবর্তন এসেছে। তবে গুঞ্জনের মুখে দাঁড়িয়ে নিজের কসমেটিক সার্জারি ও প্রসাধন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সম্প্রতি ‘দ্য কাট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লরেন্স জানিয়েছেন, দ্বিতীয় সন্তান জন্মের পর তিনি ব্রেস্ট লিফট করিয়েছেন। তবে মুখের প্লাস্টিক সার্জারি বা আই লিফটের গুঞ্জন তিনি বরাবরই খারিজ করে দিয়েছেন। এর আগে কাইলি জেনারের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানান, চোখের কোন অস্ত্রোপচার করা হয়নি, মেকআপ এবং বয়স বাড়ার কারণেই চেহারায় এই স্বাভাবিক পরিবর্তন এসেছে।

অভিনেত্রী জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের মেদ ও চর্বি কমে যাওয়ায় তার চেহারায় ভিন্নতা এসেছে, অনেকে এই বিষয়টিকে সার্জারি ভেবে ভুল করছেন। এছাড়া অভিনয় পেশার কারণে মুখের অভিব্যক্তি ধরে রাখতে তিনি খুব পরিমিতভাবে কেবল বোটক্স ব্যবহার করেন এবং ক্যামেরায় দৃশ্যমান হতে পারে বিধায় ফিলার এড়িয়ে চলেন।

ভবিষ্যতে ফেসলিফট করানোর কথা ভাবলেও অস্ত্রোপচারের মাধ্যমে চেহারা বদলে ফেলার প্রচলিত জল্পনাগুলো মূলত মেকআপ এবং ক্যামেরার অ্যাঙ্গেলের ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয় বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।

জা. অর্থনীতি/এআর