বিনোদন ডেস্ক: পানির নিচে শ্বাসরুদ্ধকর এক বেঁচে থাকার লড়াই নিয়ে প্রেক্ষাগৃহে আসছে হলিউডের নতুন সারভাইভাল থ্রিলার সিনেমা ‘হোয়েলফল’। টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওসের প্রযোজনায় আগামী শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্বজুড়ে থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। হলিউড লাইফের তথ্যমতে, ড্যানিয়েল ক্রাউসের ২০২৩ সালের একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমাটি পরিচালনা করেছেন ব্রায়ান ডাফিল্ড।
ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অস্টিন আব্রামস এবং জশ ব্রোলিন। ছবির গল্পটি আবর্তিত হয়েছে জে গার্ডিনার নামের এক তরুণ স্কুবা ডাইভারকে ঘিরে। ক্যালিফোর্নিয়া উপকূলে প্রয়াত বাবার মরদেহের খোঁজে ডুব দিয়ে তিনি একটি বিশাল আকারের শুক্রাণু তিমির পেটে গিলে পড়েন। পেটের ভেতরে মাত্র এক ঘণ্টার অক্সিজেন নিয়ে কীভাবে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসার চেষ্টা করেন, তা-ই নিয়ে এগিয়েছে ছবির শ্বাসরুদ্ধকর কাহিনি।
ছবিটিতে অস্টিন আব্রামস ছাড়াও অভিনয় করেছেন এলিজাবেথ শু, জেন লেভি, এমিলি রুড এবং জন ওরটিজ। ছবিটির প্রযোজক রন হাওয়ার্ড ও ব্রায়ান গ্রেজার।
সমালোচকদের নজর কেড়ে নেওয়া এই সিনেমাটি সম্পর্কে এরইমধ্যে পজিটিভ রিভিউ এসেছে। ‘রোটেন টমেটোস’-এ ছবিটির রেটিং প্রায় ৭৯ শতাংশ। ৯৬ মিনিটের এই থ্রিলার সিনেমাটি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে বেশ রোমাঞ্চ তৈরি করেছে।
উল্লেখ্য, সিনেমাটি আপাতত কেবল প্রেক্ষাগৃহেই উপভোগ করা যাবে। এর কোনো ডিজিটাল স্ট্রিম প্রকাশের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
জা. অর্থনীতি/এআর