৩৪ পেরিয়ে পরীমনি

জাতীয় অর্থনীতি বিনোদন: জীবনের নানামুখী চড়াই-উতরাই ও গ্ল্যামারের দ্যুতি ছাড়িয়ে ৩৪ পেরোলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

সোশ্যাল মিডিয়ায় ১ কোটি ৭০ লাখের বেশি অনুসারীবেষ্টিত এই তারকা শুক্রবার দিবাগত রাত (২৪ অক্টোবর) ১২টার পর দুই সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কেটে উদযাপন করেন নিজের বিশেষ দিনটি। তবে আনন্দের এই ক্ষণেও তার মন জুড়ে ছিল প্রয়াত নানা শামসুল হক গাজীর স্মৃতি। ২০২৩ সালে নানাকে হারানোর পর জন্মদিনের সকালে তাকে ঘুম থেকে তুলে কেক কাটার সেই মধুর মুহূর্তগুলো এখন শুধুই ব্যাকুলতা বাড়ায় বলে আবেগাপ্লুত হন তিনি।

১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্ম নেওয়া শামসুন্নাহার স্মৃতি শৈশবেই মাতৃহারা হয়ে নানাবাড়িতে বেড়ে ওঠেন। বাফায় নাচ শেখা ও ‘সেকেন্ড ইনিংস’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করা পরীমনির বড়পর্দায় অভিষেক ঘটে ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে। 

এরপর ‘স্বপ্নজাল’, ‘রক্ত’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’ ও ‘মা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন তিনি। সম্প্রতি ওটিটির ‘রঙিলা কিতাব’ এবং কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ দিয়ে টালিউডেও যাত্রা শুরু করেছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন ও বৈচিত্র্যময় কর্মকাণ্ড নিয়ে প্রায়শই চর্চায় থাকা এই অভিনেত্রী নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন। চলতি বছরের ডিসেম্বরেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করার কথা রয়েছে তার।

জা. অর্থনীতি/এআর