টম হ্যাংকস ১ নম্বরে, ২৫ নম্বরে শাকিব খান

জাতীয় অর্থনীতি বিনোদন: হলিউডের টম হ্যাংকস ও বলিউডের শাহরুখ খানের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে একই আন্তর্জাতিক তালিকায় জায়গা করে নিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ইন্দোনেশিয়ার অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম প্রকাশিত এই তালিকায় ২৫তম অবস্থানে রয়েছেন তিনি।

ইন্দোনেশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওয়ার্তা ইকোনোমি’ সম্প্রতি বিশ্বের ৫০টি দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের নিয়ে এই বিশেষ তালিকা প্রকাশ করেছে। এতে শীর্ষস্থান দখল করেছেন মার্কিন অভিনেতা টম হ্যাংকস এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাদের পাশাপাশি জ্যাকি চ্যান, ব্রুস লি, ফাওয়াদ খানদের মতো বিশ্বমঞ্চের তারকাদের সঙ্গে ২৫ নম্বরে স্থান পেয়েছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। তারকাদের জনপ্রিয়তা ও আন্তর্জাতিক খ্যাতি বিবেচনা করে তালিকাটি তৈরি করা হয়েছে।

আড়াই দশকের বেশি সময় ধরে ঢালিউডে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে নিজের অপ্রতিদ্বন্দ্বী অবস্থান ধরে রেখেছেন শাকিব। তার সিনেমা মুক্তি পাওয়া মানেই ভক্তদের মাঝে উৎসবমুখর পরিবেশ।

আসন্ন রোজার ঈদে শাকিব খান অভিনীত ‘নিঃস্ব’ এবং কোরবানির ঈদে ‘মহব্বত’ সিনেমা মুক্তির কথা রয়েছে। এ ছাড়া ‘সোলজার’ সিনেমাটিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে শাকিবের এই অর্জন দেশের চলচ্চিত্রের জন্য বড় এক গৌরব ও প্রাপ্তি।

জা. অর্থনীতি/এআর