বিজয়ের শেষ সিনেমা দেখতে প্রথম শোতে হাজির তৃষা

বিনোদন ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে আইনি জটিলতা ও সেন্সর বোর্ডের বাধা কাটিয়ে অবশেষে বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিল মেগাস্টার ও নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত রাজনৈতিক সিনেমা ‘জন নায়গন’। জানা গেছে, গত ১০ মে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রুপালি পর্দায় বিজয়ের অভিনয় করা এটিই শেষ চলচ্চিত্র। ‘জন নায়াগান’ মুক্তি পেয়েছে ২৩ জুলাই। 

এদিকে, অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এই দীর্ঘ প্রতীক্ষিত সিনেমার প্রথম দিনের প্রথম শো দেখতে প্রেক্ষাগৃহে হাজির হন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান! 

চেন্নাইয়ের বিখ্যাত রোহিণী প্রেক্ষাগৃহে বন্ধুদের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন তিনি। সিনেমা দেখা শেষে প্রিয়জনদের সঙ্গে হাসিমুখে ছবি তুলে সেই বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে তৃষাকে তার সিগনেচার হাসিতে বেশ উৎফুল্ল দেখা যায়। ছবিটি পোস্ট করে তার সফরসঙ্গী প্রিয়া শ্যাম লেখেন, শেষবারের মতো আরও একবার উদযাপনের সুযোগ। ‘জন নায়গন’ সিনেমা ঘিরে প্রেক্ষাগৃহে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। প্রেক্ষাগৃহে বিপুল জনস্রোতের কথা উল্লেখ করে তিনি হালকা চালে আরও যোগ করেন, তৃষা ও নিরুপমাকে নিয়ে শেষ পর্যন্ত ভিড় ঠেলে নিরাপদে বের হতে পেরেছি। 

তৃষা নিজে সেই পোস্টটি পুনরায় শেয়ার করার পরপরই তা নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। 

এই বিশেষ দিনে তৃষার পোশাক ও লুকও তৈরি করে আলাদা আকর্ষণ। বেশ সাধারণ অথচ মার্জিত পোশাকে নিজেকে সাজিয়েছিলেন এই ‘লিও’ অভিনেত্রী। সাদা টি-শার্ট ও নীল সোজা কাট জিন্সের সঙ্গে হালকা অলংকার এবং রোদচশমায় প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে নামতেই তাকে ঘিরে ভক্তদের হুড়োহুড়ি পড়ে যায়। পরবর্তীতে নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নিজের গাড়ির দিকে এগিয়ে যান। 

এইচ বিনোথ পরিচালিত রাজনৈতিক অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘জন নায়গন’-এ বিজয়ের সঙ্গে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, প্রিয়ামণি এবং প্রকাশ রাজ। 

উল্লেখ্য, বিজয় পূর্ণাঙ্গ রাজনীতিতে মনোযোগ দেওয়ায় এটিই তার অভিনয় জীবনের শেষ সিনেমা হতে যাচ্ছে। প্রথম দিন থেকেই সিনেমাটি প্রেক্ষাগৃহে দারুণ সাড়া পাচ্ছে এবং নতুন বক্স অফিস রেকর্ড গড়ার ইঙ্গিত দিচ্ছে। 

—জা. অর্থনীতি/এনএ