মুক্তির প্রথম দিনেই ৪৭ লাখ ভিউ!

বিনোদন ডেস্ক: সাফল্যের নতুন ইতিহাস গড়া নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ফিরেছেন নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে। সম্পর্কের নানামুখী সমীকরণ আর আবেগের বুননে তৈরি এই ধারাবাহিকটি প্রকাশের শুরুতেই ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে। গত বুধবার দুপুর ১২টায় চ্যানেল আই ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সম্প্রচার শুরু হওয়ার পর মাত্র ২৩ ঘণ্টার ব্যবধানে নাটকটির প্রথম পর্বের ভিউ ছাড়িয়ে গেছে ৪৭ লাখ!

সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে দর্শকের উন্মাদনা স্পষ্ট। ইউটিউবের কমেন্ট বক্সে দর্শকরা প্রশংসায় ভাসাচ্ছেন পুরো টিমকে। কেউ লিখেছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার আনন্দ নিয়ে, আবার কেউবা প্রকাশ করেছেন নাটকের প্রতি ভালোলাগা।

‘এটা আমাদেরই গল্প’-এর সফল কুশীলবদের অনেকেই এই ধারাবাহিকে থাকছেন না। সুমাইয়া শিমুর নিয়মিত হওয়ার কথা থাকলেও চোখের ভাইরাস সংক্রমণের কারণে তিনি সরে দাঁড়ান; তার পরিবর্তে যুক্ত হন রোজী সিদ্দিকী। তবে এই ধারাবাহিকের সবচেয়ে বড় চমক হিসেবে যোগ দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় দুই দিকপাল অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। স্যাটেলাইট যুগের আগের সেই যুগলবন্দী বা ২০১৩ সালের ‘সাঙরিলা’ নাটকের পর দীর্ঘ প্রায় ১৩ বছর বা এক যুগ পর এই দুই মহারথীকে একসঙ্গে এক পর্দায় দেখতে পাওয়া দর্শকের জন্য এক দারুণ প্রাপ্তি।

তাদের পাশাপাশি নাটকে আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন ও মুকিত জাকারিয়ার মতো শক্তিশালী অভিনেতারা।

জানা গেছে, এরই মধ্যে প্রথম লটে ১০ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে ঢাকার উত্তরায় চলছে দ্বিতীয় লটের কাজ, যা ১০ তারিখের মধ্যে ১৮ পর্ব পর্যন্ত গিয়ে ঠেকবে। মোট ৫২ পর্বের এই ধারাবাহিকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। শুরুর এমন অভাবনীয় সাড়া বলে দিচ্ছে, দর্শকদের মন জয় করে এটি আরও দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত।

জা. অর্থনীতি/এআর