মালয়েশিয়ায় আন্তর্জাতিক মার্শাল আর্ট টুর্নামেন্টে বাংলাদেশের শারমিনা

হবিগঞ্জ প্রতিনিধি: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মার্শাল আর্ট টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মেয়ে শারমিনা বেগম। ৩৪টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র নারী খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন তিনি।

প্রতিযোগিতায় অংশ নিতে গত ২৮ অক্টোবর মালয়েশিয়ায় পৌঁছান শারমিনা। সেখানে দুই দিন প্রশিক্ষণ নিয়ে প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা অল মার্শাল আর্ট একাডেমি এবং স্পোর্টস মার্শাল আর্ট একাডেমি বাংলাদেশের এই খেলোয়াড়কে নিয়ে আশাবাদী তাঁর কোচ ও সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকেরা।

শারমিনা বেগমের পরিবারও একটি ক্রীড়াপ্রেমী পরিবার। তাঁর বাবা শিপন মিয়া একজন ক্রীড়াপ্রেমী মানুষ ও সাবেক ফুটবলার। তাঁর দাদা আব্দুল সাত্তার বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় বক্সার ছিলেন। পারিবারিকভাবে খেলাধুলার পরিবেশে বেড়ে ওঠা শারমিনা ইতোমধ্যে কয়েকটি দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

image

শারমিনার কোচ বাবুল আহমেদ রুবেল বলেন, ‘শারমিনা আমার একজন ভালো খেলোয়াড়। সে কঠোর পরিশ্রমী এবং মার্শাল আর্টের প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। আমি আশা করি, সে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলাফল করে বাংলাদেশের সম্মান বয়ে আনবে, ইনশাআল্লাহ।’

হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা অল মার্শাল আর্ট একাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন বলেন, ‘শারমিনার পরিবার একটি ক্রীড়াপ্রেমী পরিবার। খেলাধুলার প্রতি তার আগ্রহ ও পরিশ্রম তাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আমরা আশা করি, সে ভালো ফলাফল অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে আনবে।’

অন্যদিকে, স্পোর্টস মার্শাল আর্ট একাডেমি বাংলাদেশের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মালয়েশিয়া থেকে বলেন, ‘আমি দলের কর্মকর্তা হিসেবে মালয়েশিয়ায় এসেছি। শারমিনাকে কাছ থেকে দেখেছি। উশু, মুয়াই থাইসহ বিভিন্ন মার্শাল আর্টের প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। বিশেষ করে ফাইটিংয়ের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। প্রতিযোগিতার সময় সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। আমরা আশা করছি, সে একটি ভালো ফলাফল অর্জন করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে।’

হবিগঞ্জের এই নারী খেলোয়াড়ের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ জেলার ক্রীড়াঙ্গনের জন্য একটি গর্বের বিষয়। শারমিনার সাফল্য কামনা করে তাঁর পরিবার, কোচ, সতীর্থ ও ক্রীড়াপ্রেমীরা সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি ভালো পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারেন।

—জা. অর্থনীতি/এএইচএ