অনলাইন ডেস্ক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের পাশাপাশি নিরপেক্ষ প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে।
অপর প্রজ্ঞাপনে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০২৬ সালের সংশোধিত বিধানের সংশ্লিষ্ট ধারায় সরকার এসব নিয়োগ দিয়েছে।
প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এর মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডকে।
জা.অর্থনীতি/এসআই
