আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি বিমানবন্দরে অদ্ভুত এক ঘটনার কারণে যাত্রীদের সামনে কঠিন সিদ্ধান্তের সুযোগ দেন এক বিমানচালক। বিমানের ভেতরে কুকুরের প্রস্রাবের কারণে তৈরি হওয়া দুর্গন্ধ নিয়ে যাত্রীদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা চলছে।
নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের একটি উড়ানে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, উড়ান শুরুর আগে যাত্রীদের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন বিমানচালক। তিনি জানান, আগের একটি ফ্লাইটে বিমানের ভেতরে একটি পোষা কুকুর প্রস্রাব করেছিল। ফলে কেবিনে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সেটি পরিষ্কার করতে হলে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড়ান ছাড়তে হবে।
এ অবস্থায় যাত্রীদের সামনে দুটি বিকল্প তুলে ধরেন তিনি। প্রথমত, কেবিন পরিষ্কার করার জন্য অপেক্ষা করে বিলম্বে যাত্রা শুরু করা। দ্বিতীয়ত, দুর্গন্ধ সহ্য করে নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়া।
কোন বিকল্পটি যাত্রীরা চান, তা জানতে হাত তুলে ভোট দেওয়ার আহ্বান জানান বিমানচালক। ভিডিওতে যাত্রীদের হাত তুলে নিজেদের মতামত জানাতেও দেখা যায়।
ইনস্টাগ্রামে ‘জেনিফারকফি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্টদাতা জানিয়েছেন, তিনি ওই ফ্লাইটের যাত্রী ছিলেন না। তবে কোন বিকল্পটি বেশি ভোট পেয়েছে কিংবা শেষ পর্যন্ত উড়ান ছাড়তে দেরি হয়েছিল কি না, তা জানা যায়নি।
জা.অর্থনীতি/এসআই
