স্পোর্টস ডেস্ক: ইরাকে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি প্রতিযোগিতায় সাফল্যের নতুন অধ্যায় লিখেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে কাজাখস্তানকে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয়ের পাশাপাশি ব্যক্তিগত ও দলীয় ইভেন্টেও একাধিক পদক অর্জন করেছেন দেশের আর্চাররা। এই সাফল্য নিয়ে রবিবার (১ নভেম্বর) ভোরে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
ইরাকের সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত ইভেন্টে প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জেতেন বন্যা আক্তার। নারী কম্পাউন্ড ব্যক্তিগত ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ স্কোরে পরাজিত করেন তিনি। নারী দলীয় ইভেন্টেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ।
এ ছাড়া রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করেন। ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন কুলসুম আক্তার মনি।
দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্চারদের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা।
দলের প্রধান কোচ ফ্রেডেরিক মার্টিন জানান, এবারের দলে প্রায় ৮০ শতাংশই ছিলেন তরুণ আর্চার। অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনই ছিল অন্যতম লক্ষ্য। এই অভিজ্ঞতা আগামী ডিসেম্বরে যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে কাজে লাগবে বলে আশা তার।
সাগর ইসলামও এই সাফল্যকে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে দেখছেন। ভবিষ্যতে বিশ্বকাপ ও অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখছেন আর্চাররা।
জা.অর্থনীতি/এসআই
