জাতীয় অর্থনীতি স্পোর্টস: ফিফা বিশ্বকাপের বিশ্বমঞ্চ কাঁপানোর পর এবার প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকদের মাতাতে ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার এই রোমাঞ্চকর খবরটি নিজেই নিশ্চিত করেছেন সঞ্জয়। এর আগে ফিফা বিশ্বকাপের মঞ্চে রাজকীয় পরিবেশনা ও রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আঁকা জ্যাকেট পরে নিজের দেশীয় শেকড়ের পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরে দারুণ প্রশংসিত হন এই শিল্পী। নিজের শিকড়ের টানে দেশের মাটিতে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সঞ্জয় জানান, দর্শকদের নিয়ে এই আনন্দ ভাগাভাগি করতে তিনি মুখিয়ে আছেন।
উদ্যোক্তা প্রতিষ্ঠান টেকনো বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক আশা প্রকাশ করেন, ফুটবল ও সংগীতের এই মেলবন্ধন উদ্বোধনী রাতটিকে দর্শকদের জন্য চিরস্মরণীয় করে রাখবে।
উল্লেখ্য, আগামী ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় এই দক্ষিণ এশিয়ান ফুটবলের মহাযজ্ঞের উদ্বোধনী দিনেই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।
জা. অর্থনীতি/এআর
