স্পোর্টস ডেস্ক: চোয়ালের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। হাসপাতাল থেকে দ্রুতই মাঠে ফেরার অঙ্গীকার করেছেন চেলসির এই তারকা।
শনিবার (১৭ অক্টোবর) এভারটনের বিরুদ্ধে চেলসির ২-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন মার্তিনেজ। মাঠেই দীর্ঘ সময় প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তার চোয়াল ভাঙার পাশাপাশি মস্তিষ্কে আঘাত ধরা পড়ে। চেলসি কোচ জাবি আলোনসো বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিলেন।
রবিবার (১৮ অক্টোবর) সকালে অস্ত্রোপচার শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক জানান, `সবাইকে ধন্যবাদ। অপারেশন সফল হয়েছে। বড় কথা হলো আমরা জয় পেয়েছি এবং ক্লিনশিট বজায় রেখেছি। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আবার মাঠে ফিরব।‘
মার্তিনেজের এই দুঃসময়ে দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। জাতীয় দলের এই নির্ভরতার প্রতীক আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
জা. অর্থনীতি/এআর