ফিফা র‍্যাংকিংয়ে একধাপ উন্নতি বাংলাদেশের

জাতীয় অর্থনীতি স্পোর্টস: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রকাশিত সর্বশেষ নারী র‍্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১০৭তম অবস্থান থেকে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা এখন উঠে এসেছে ১০৬ নম্বরে। সম্প্রতি এশিয়ান গেমসে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের সুবাদেই এই অর্জন।

এশিয়ান গেমসের গ্রুপ পর্বে র‍্যাংকিংয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে দুর্দান্ত এক গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ঐতিহাসিক ম্যাচ থেকে মূল্যবান ৪.৬৪ রেটিং পয়েন্ট অর্জন করে ঋতুপর্ণা-মনিকারা। ফলে দলটির মোট পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১১৭৫.৩৫-এ। 

টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও র‍্যাংকিংয়ে বড় কোনো পতন ঘটেনি। অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় এক ধাপ পিছিয়ে ৫৫ থেকে ৫৬ নম্বরে নেমে গেছে মিয়ানমার।

এর আগে গত বছর শক্তিশালী এই মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী দল। ধারাবাহিক এমন পারফরম্যান্স আন্তর্জাতিক অঙ্গনে দেশের নারী ফুটবলকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাচ্ছে।

জা. অর্থনীতি/এআর