বিনোদন ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রাম ও সীতা চরিত্রে জুটি বাঁধছেন বলিউড তারকা রণবীর কাপুর ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। বড় পর্দায় তাদের রসায়ন দেখতে দর্শক যখন উন্মুখ, ঠিক তখনই সহশিল্পীর প্রশংসায় মেতে উঠলেন রণবীর।
তেলুগু টক শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’-এর নতুন সিজনের প্রমোতে সাই পল্লবীর উদ্দেশ্যে এক আবেগঘন ভিডিও বার্তা পাঠান রণবীর। ভিডিওতে তিনি বলেন, ‘সীতা চরিত্রটিতে সাই ছাড়া অন্য কাউকেই কল্পনা করা অসম্ভব। সাইয়ের সততা যেকোনো সহশিল্পীর জন্য বড় প্রাপ্তি।’ একই সঙ্গে তেলুগু ভাষায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন রণবীর। সহশিল্পীর এমন চমকে আপ্লুত সাই পল্লবীও রণবীরকে মিষ্টি ধন্যবাদ জানান।
দুই পর্বে নির্মিত হতে যাওয়া এই ঐতিহাসিক সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন কান্নাড়া সুপারস্টার যশ। চলতি বছরের ৫ নভেম্বর সিনেমাটির প্রথম পর্ব পেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা সংস্থার। সব ঠিক থাকলে পরবর্তী বছর দ্বিতীয় পর্বও মুক্তি পাবে জানিয়েছে সংশ্লিষ্টরা।
জা. অর্থনীতি/এআর