বিনোদন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় এবং সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘রিপ্লাই ১৯৮৮’ ভারতীয় দর্শকদের জন্য রিমেক করতে আগ্রহ প্রকাশ করেছেন বলিউড পরিচালক কিরণ রাও। সম্প্রতি ‘দ্য পপকর্ন আওয়ার’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের প্রিয় কে-ড্রামা এবং এটি কেন্দ্র করে নিজের পরিকল্পনার কথা জানান এই প্রখ্যাত নির্মাতা।
এনডিটিভির সূত্রমতে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিপ্লাই ১৯৮৮’ সিরিজটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে কিরণ রাও বলেন, ‘কোরিয়ান ড্রামার মধ্যে সবচেয়ে অসাধারণ কাজ হলো রিপ্লাই ১৯৮৮। এটি সত্যি চমৎকার একটি সিরিজ। ভারত বা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এর একটি নতুন রূপ দিতে আমার ভাল লাগবে।’
নির্মাতার মতে, সিরিজটির মূল প্রাণ লুকিয়ে রয়েছে এর জ্যেষ্ঠ চরিত্রগুলোর গল্পে। কেবল প্রধান চরিত্র নয়, তাদের মা-বাবার নিজস্ব জীবনসংগ্রাম, পারস্পরিক বন্ধুত্ব এবং সমাজের মধ্যকার গভীর টানাপোড়েন যেভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে, তা এক কথায় অনন্য। তিনি সিউলের নির্দিষ্ট একটি পাড়ার গল্পের সাথে কলকাতার ঐতিহ্যবাহী 'পাড়া' সংস্কৃতির মিল খুঁজে পান।
সিন ওন হো পরিচালিত এবং লি উ জং রচিত ২০ পর্বের এই স্লাইস-অফ-লাইফ ড্রামাটি ১৯৮৮ সালের সিউল অলিম্পিকসের প্রেক্ষাপটে নির্মিত। সিউলের সাংমুন-দং মহল্লার পাঁচটি পরিবার এবং তাদের সন্তানদের পারস্পরিক ভালোবাসা, দৈনন্দিন জীবনের আবেগ ও শৈশব-কৈশোরের মধুর স্মৃতি ফুটে উঠেছে এতে। কোরীয় সংস্কৃতি অতিক্রম করে এর সাবলীল গল্প বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়।
কিরণ রাওয়ের এই ঘোষণার পর ভারতীয় দর্শকরা এখন উন্মুখ হয়ে অপেক্ষা করছেন, কিভাবে তিনি এই কোরিয়ান মাস্টারপিসকে ভারতীয় আবহে ফুটিয়ে তোলেন তা দেখতে।
জা. অর্থনীতি/এআর