প্রথম প্রেমের গল্পে ফারিন, ২ দিনেই ৬ মিলিয়ন ভিউ ইউটিউবে

বিনোদন ডেস্ক: বড় পর্দা ও একক নাটকের পর এবার ইউটিউব ধারাবাহিকে চমক দিলেন অভিনেত্রী ফারিন খান। তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ নাটকে রহস্যময় উপস্থিতি দিয়ে শুরুতেই দর্শক ও অনুরাগীদের মনে সাড়া জাগিয়েছেন ফারিন। ‘নাফ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে নাটকটির প্রথম পর্ব প্রকাশের মাত্র ২ দিনেই ৬ মিলিয়ন ভিউ (এই প্রতিবেদন লেখা অব্দি) অর্জন করতে সক্ষম হয়েছে।

সিরিজটির প্রথম পর্বের শুরুতেই এক রহস্যময় হাসিতে আত্মপ্রকাশ করেন ফারিন। আর এতেই নাটকটি নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। ধারাবাহিকে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর। আরও আছেন হিমি ও জাহিদ হোসেন শোভনের মতো জনপ্রিয় তারকারা।

জীবনের প্রথম ধারাবাহিকে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে উচ্ছ্বসিত ফারিন। তিনি জানান, গল্পের গভীরতা ও চরিত্রের গুরুত্ব পছন্দ হওয়াতেই এই কাজে যুক্ত হয়েছেন।

‘ধ্যাৎতেরিকি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পা রাখা এই অভিনেত্রী একাধিক হিট একক নাটকের পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। নতুন এই ধারাবাহিকটির সাফল্য তাকে বাংলা নাট্যাঙ্গনে আরও একধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন মিডিয়া সংশ্লিষ্টরা।

জা. অর্থনীতি/এআর