মৌসুমীকে নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সানীর

বিনোদন ডেস্ক: পরিবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সম্প্রতি স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে ছড়ানো গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিএফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমাদের নিয়ে এসব ভুয়া তথ্য ছড়িয়ে কত টাকা কামাবেন?’ তিনি সাফ জানিয়ে দেন, তার পরিবার ও তারা বেশ ভালো আছেন। মিথ্যা সংবাদ পরিবেশনকারী পেজগুলো থেকে ২৪ ঘণ্টার মধ্যে এসব কনটেন্ট অপসারণ করা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গুঞ্জন উঠেছিল, ছেলে ফারদিন সম্পত্তি লিখে নিয়ে মৌসুমীকে যুক্তরাষ্ট্রের বাসা থেকে বের করে দিয়েছেন। তবে এই খবর উড়িয়ে দিয়ে ওমর সানী জানান, তাদের যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তিই নেই এবং ফারদিন বর্তমানে দুবাইয়ে আছেন। এর প্রতিবাদে এর আগে তাদের ছেলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। বয়সের এই পর্যায়ে এসে চলচ্চিত্রের পুরোনো তারকাদের নিয়ে এমন অপপ্রচার বন্ধের জোরালো দাবি জানিয়েছেন ওমর সানী।

জা. অর্থনীতি/এআর