শেরপুর প্রতিনিধি: শেরপুরে গণশুনানিতে আসা মা-হারা ছোট্ট আব্দুল্লাহর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এ সময় শিশুটিকে কোলে তুলে নেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পাশাপাশি কিনে দেওয়া হয়েছে নতুন পোশাক।
বুধবার (১৪ অক্টোবর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনস্বার্থে আয়োজিত গণশুনানিতে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ গণশুনানিতে মোট ১৮০ জন সেবাপ্রার্থী তাদের সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। তাদের মধ্যে ১৫১ জনকে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২ জনকে হুইলচেয়ার, ৫ জনকে ওষুধ এবং একজন শিশুকে পরিধানের পোশাক দেওয়া হয়।
খাদ্য নিরাপত্তা নেই দুর্যোগে ভিটেমাটি হারানো মানুষের, বড় অংশ সহায়তার বাইরে
গণশুনানিতে চিকিৎসা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে আবেদন ও অভিযোগ করেন সেবাপ্রার্থীরা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়তা চেয়ে একটি, ঘরের জন্য ৪টি, ভিজিডি কার্ডের জন্য ৩টি, প্রতিবন্ধী ব্যক্তির সহায়তার জন্য একটি, ঢেউটিনের জন্য ৪টি এবং ভূমিসহ অন্যান্য বিষয়ে ৫টি আবেদন পাওয়া যায়।
জেলা প্রশাসক আবেদনকারীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি আবেদনগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।
—জা.অর্থনীতি/এনজে