মাদারীপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ এমপি নাহিদ ইসলাম বলেছেন, এ বছর গঙ্গা চুক্তি শেষ হবে, ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্যা বুঝে নিতে চাই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় মাদারীপুর সদর উপজেলার শকুনি লেখপাড় মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত আইন-শৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরির ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের কাছে পরীক্ষা তারা যে নিজেদেরকে জাতীয়তাবাদী বলে, তাদেরকে প্রমাণ করতে হবে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থ কতটুকু রক্ষা করতে পারছে। নাকি তারা কোন ধরনের আন্ডারটেবিল সমঝোতার মধ্যে আছে।
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনুসকে নিউইয়র্কে পতিত স্বৈরাচারের কিছু সদস্য হেনস্থা করেছে। দেশের জনগণকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিরাপত্তা দিতে পারছেন না। বিদেশেও কোন নেতাকর্মীকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিরাপত্তার ব্যবস্থা করতে পারছেন না। আমরা এসব ঘটনার নিন্দা জানাই এবং এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার দাবি জানাই।
বিরোধী দলের এই নেতা বলেন, আপনারা অতীতে অনেক সরকার দেখেছেন, অনেক দল দেখেছেন, কিন্তু গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে উঠছে এনসিপি। এনসিপি নতুন দিনের রাজনীতি করতে চায়, কোন বিভাজনের রাজনীতি চায় না এনসিপি। বিভাজনের রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি করতে চাই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিপির মাদারীপুর জেলা সভাপতি মনিরুল ইসলাম তুষার ভাইয়া। এ সময় এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলমসহ জেলার বিভিন্ন অঞ্চলের এনসিপির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
—জা. অর্থনীতি/এনজে