মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় ইটভাঙা চলন্ত মেশিনের (ইটভাঙা ট্রলি) চাকার নিচে পড়ে আরিয়ান নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া-নয়াচর আঞ্চলিক সড়কের নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিয়ান ওই এলাকার আরমান খাঁ’র ছেলে।

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে চরমুগরিয়া এলাকা থেকে ইটভাঙার একটি ট্রলি মেশিন নিয়ে একদল শ্রমিক পাশের গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়াচর এলাকায় শিশু আরিয়ান রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ইটভাঙা মেশিনটির চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি