মুক্তি পেলেন অভিনেতা ইমরান খান

বিনোদন ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত বিক্ষোভ থেকে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও বোন জাইন মারি খান। মুক্তির পর পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গতকাল শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের বাইরে ‘ককরোচ জনতা পার্টি’র আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরানসহ তার সঙ্গীরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিকেলে সেখান থেকে তাদের টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান তারা। ইমরানের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়েই তাদের পুলিশের ভ্যানে করে প্রায় দুই ঘণ্টা ঘুরানো হয়েছে। 

তবে আটকের সময় ভ্যানে বসে নিজের ছবি শেয়ার করে রসিকতাও করতে দেখা যায় এই অভিনেতাকে। এদিকে লেখা ওয়াশিংটনের অভিযোগ, মুক্তির পর বাড়ি ফেরার জন্য ট্যাক্সি নিতে বাধা দেয় পুলিশ এবং ট্যাক্সিচালকদেরও হুমকি দেওয়া হয়।

ভারতের বিভিন্ন স্থানে ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লির বিভিন্ন শহরেও বিক্ষোভকারীদের আটকের খবর পাওয়া গেছে।

জা. অর্থনীতি/এআর