দেশ ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছেন ইমরান খান

বিনোদন ডেস্ক: ভারতে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বিতর্কে পড়া বলিউড অভিনেতা ইমরান খান এবার আইনি লড়াইয়ে নামছেন। আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার জন্য মুম্বাই পুলিশের দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।

মার্কিন নাগরিকত্ব থাকা এই তারকা অভিনেতার কাছে ভারতের ‘ওসিআই’ (ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া) কার্ড রয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এক বিক্ষোভে যোগ দেওয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয় পুলিশ।

আইনজীবী জুলফিকার মেমনের মাধ্যমে বম্বে হাইকোর্টে পেশ করতে যাওয়া আবেদনে ৪৩ বছর বয়সী এই অভিনেতা দাবি করেছেন, দেশ ছাড়ার এই আদেশ অত্যন্ত ‘কঠোর ও চরম’। তার মতে, দেশের আইন বা নিয়মে কোনো ওসিআই কার্ডধারীকে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিতে বাধা দেওয়ার বিধান নেই।

হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটির জরুরি শুনানির আবেদন জানানো হতে পারে। পুরো বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশ ও বিনোদন জগতে নতুন তোলপাড় শুরু হয়েছে।

জা. অর্থনীতি/এআর