পবিত্র ওমরাহ পালন করলেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সৌদি আরবের মক্কায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে ধর্মীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ওমরাহ পালনের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্ত-অনুরাগীদের প্রতি নেতিবাচক মন্তব্য না করার কড়া বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে কাবা শরিফের সামনে থেকে ধারণ করা একটি বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন কেয়া পায়েল। ভিডিওতে তাকে পরম ভক্তিতে কালো বোরকায় দেখা যায়। ক্যাপশনে এই দিনটিকে নিজের ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ বলে উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরপরই নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে কড়া মন্তব্য জুড়ে দেন পায়েল। ট্রোলারদের সতর্ক করে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি ও ব্যক্তিত্বই প্রকাশ করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে নজর দিন।’

বিনোদন জগতের তারকারা প্রায়ই আধ্যাত্মিক যাত্রার ছবি শেয়ার করে ট্রোলের শিকার হন, আর তাই শুরুতেই নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে অনুভূতির মর্যাদা রক্ষা করলেন তিনি।

জা. অর্থনীতি/এআর