‘প্রকৃতি’ চরিত্রে মৌ

বিনোদন ডেস্ক: চ্যানেল আইয়ের জন্য নির্মিত বিশেষ একক নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’-তে কেন্দ্রীয় ‘প্রকৃতি’ চরিত্রে পর্দায় জাদুকরি উপস্থিতি নিয়ে হাজির হচ্ছেন নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের কালজয়ী উপন্যাসের পাতা থেকে জীবন্ত হয়ে উঠেছে মৌয়ের এই নতুন রূপময় সত্তা। বই থেকে উঠে আসা চরিত্রে নিজেকে মানিয়ে নিতে গিয়ে ‘প্রকৃতি’র প্রেমে পড়েন তিনি। সম্প্রতি রাজধানীর উত্তরার নান্দনিক লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। 

প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরীর রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকে মৌয়ের উপস্থিতিই পুরো প্রজেক্টের মূল আকর্ষণ বলে জানা যায় পরিচালক সূত্রে। গল্পে ‘প্রকৃতি’ চরিত্রটিকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকের মূল আবহ। প্রকৃতির মতো স্নিগ্ধতা, গভীরতা আর জীবনবোধের নানা রূপ ফুটিয়ে তুলতে এই চরিত্রে মৌয়ের অভিনয় দর্শকের হৃদয়ে আলাদা দাগ কাটবে বলেই ধারণা করা হচ্ছে। 

পারিবারিক বন্ধন এবং গভীর সামাজিক ও নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে তৈরি এই কাজটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ জানান, গল্পের গভীরতা এবং ‘প্রকৃতি’ চরিত্রটির বৈচিত্র্যই তাকে এই কাজে টেনেছে। প্রকৃতি চরিত্র ঘিরে নিজের বিশেষ ভাললাগার কথাও অকপটে বলেন তিনি।

নাটকটিতে মৌয়ের বিপরীতে ‘শঙ্খ’ ও ‘সকাল’ চরিত্রে অভিনয় করেছেন দুই জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। এছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ফারজানা চুমকিকে।

এদিকে কিশোর বয়স থেকে যার অভিনয় দেখে বড় হয়েছেন, সেই মৌয়ের সঙ্গে ‘প্রকৃতি’র বিপরীতে পর্দা শেয়ার করাকে এক দারুণ অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন সহশিল্পী গোলাম কিবরিয়া তানভীর। 
চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানমালায় খুব শীঘ্রই দর্শকরা পর্দায় দেখতে পাবেন মৌয়ের এই অনন্য রূপায়ন।

জা. অর্থনীতি/এআর