ডেঙ্গুতে ৫ ও হাম উপসর্গে সাত শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে পাঁচজন এবং হামের উপসর্গ নিয়ে সাত শিশু মারা গেছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন। অন্যদিকে, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৮ শিশুর শরীরে। উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৯৯ জনের মধ্যে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু ও হামবিষয়ক পৃথক  বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২১ জনে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ১ হাজার ৯২০ জন নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৯ হাজার ২০১ জন।

বিভাগভিত্তিক হিসাবে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮২৪ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ২৫৪ জন, চট্টগ্রামে ২৫৬, রাজশাহীতে ১৭০, বরিশালে ২১৫, ময়মনসিংহে ১১৪, সিলেটে ১৭ এবং রংপুরে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়  ১২৮ জন এবং লক্ষণ দেখা যায় ১ হাজার ১৯৯ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল বুধবার পর্যন্ত দেশে হামের লক্ষণ দেখা দেওয়া  রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়  ২২ হাজার ৮৪০ জনের দেহে।

এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গে ১ হাজার ৭৩ এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।