ধূসর চুলে নতুন লুকে আমির খান

বিনোদন ডেস্ক: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খানকে নতুন লুকে দেখা গেছে। ধূসর চুল আর সাদামাটা অবয়বে হাজির হয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন তিনি। তবে নতুন কোনো সিনেমার চরিত্রের প্রয়োজনে নয়, বরং চুলে রং করা বন্ধ করে দেওয়ায় তার এই পরিবর্তন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিরের নতুন এই লুক নজর কাড়ে। চুলের স্বাভাবিক পাকা রং নিয়ে তাকে বেশ উৎফুল্ল ও হাসিখুশি দেখা যায়। তার এমন পরিবর্তন দেখে ভক্তদের একাংশের ধারণা ছিল, হয়তো নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।

তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন আমির। তিনি জানিয়েছেন, আপাতত চুলে কোনো ধরনের কলপ বা রং ব্যবহার করছেন না। প্রতিদিন চুলে একইভাবে রং করাটা একঘেয়ে লাগছিল বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আমিরের এই সহজ স্বীকারোক্তির পর অনুষ্ঠানে উপস্থিত খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই রসিকতা করে বলেন, আমিরকে যখনই নতুন কোনো অবয়বে দেখা যায়, তখনই ধরে নিতে হয়, তিনি নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা শুরু করেছেন।

সুভাষ ঘাইয়ের এই মন্তব্য নতুন লুক নিয়ে তৈরি হওয়া আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে আমিরের বক্তব্য অনুযায়ী, তার বর্তমান চেহারার সঙ্গে নতুন কোনো চলচ্চিত্রের সম্পর্ক নেই। চুলের স্বাভাবিক রং বজায় রাখতেই আপাতত রং করা থেকে বিরত রয়েছেন এই অভিনেতা।

জা.অর্থনীতি/এসআই