জাতীয় অর্থনীতি সারাবাংলা: মৌলভীবাজারের কমলগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু তালহা নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত শিশু আবু তালহা কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে শিশু আবু তালহা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চার-পাঁচ দিন চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে আসেন।
তবে গত শনিবার (১০ অক্টোবর) শিশুটি আবারও হামের তীব্র উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিজনেরা তাকে দ্রুত মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার মারাত্মক অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুটির দাদা তাজু মিয়া শোক প্রকাশ করে জানান, প্রাথমিক চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই নতুন করে তীব্র জ্বর ও হামের উপসর্গ দেখা দেয়। মৌলভীবাজার থেকে দ্রুত সিলেটে নিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি হামজনিত জটিলতায় ভুগছিল।
—জা. অর্থনীতি/এলএটি