বিতর্কিত ইনফ্লুয়েন্সারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক: ভারতের পাঞ্জাবের অমৃতসরে এলজিবিটিকিউ ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মাদ সান্ধুকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাতে এনডিটিভি জানায়, অমৃতসরে মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতকারী মাদ সান্ধুকে লক্ষ্য করে গুলি চালায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পুরো নাম মধুসূদন হলেও তিনি ‘মাদ সান্ধুই’ বেশি পরিচিত ছিলেন। মেকআপ, চলচ্চিত্র জগৎ ও লিঙ্গভিত্তিক নানা বিষয়ে পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হতেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমকামিতা নিয়ে প্রায়ই ট্রোলের শিকার হতেন তিনি। 

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কস্টিউম ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে কেরিয়ার শুরু করা এই তরুণ ইনস্টাগ্রাম রিল ও ভাইরাল ভিডিওর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া ‘ও পল্লে ওয়েরে’র মতো কিছু পাঞ্জাবি সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন।
ঘটনার পরপরই ‘গোল্ডি ধিলোঁ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে হত্যার দায় স্বীকার করে বলা হয়, সান্ধু পাঞ্জাবকে নষ্ট করছিলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার সিরিভেনেলা জানান, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তার ওপর গুলি চালায়। দায় স্বীকারের ফেসবুক পোস্টটি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গত বছর জুনে ভাতিন্দায় ‘কমল কৌর ভাবি’ নামে আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে হত্যার ঘটনা ঘটে। তার ভিডিওগুলো ছিল অশ্লীল।

—জা. অর্থনীতি/এএইচএ