বিনোদন ডেস্ক: জন্মদিনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সাদাকালো আবহে স্টাইলিশ সাজে তার নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। তবে তার সাজের প্রশংসার পাশাপাশি ছবির ক্যাপশনে ব্যবহৃত ‘বার্থডে গার্ল’ শব্দটি নিয়েও মন্তব্য করেছেন অনেকে।
রবিবার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অপু। ছবিতে কখনো কেক হাতে, কখনো ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখা যায় তাকে। ছবিগুলোর সঙ্গে ইংরেজিতে ‘বার্থডে গার্ল’ লিখে নিজের জন্মদিনের আনন্দ প্রকাশ করেন এই অভিনেত্রী।
জন্মদিন উদযাপনের সূচনা হয় শনিবার দিবাগত রাতেই। নতুন বছরের যাত্রা শুরু করেন ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে। সেই কেকে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’ মায়ের প্রতি ছেলের এই ভালোবাসার বার্তাও বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে তোলে।
এর আগে জন্মদিনের আগাম বার্তা দিয়ে একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেছিলেন অপু। সেখানে নতুন বছরের প্রত্যাশা জানিয়ে তিনি লেখেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’
অপুর প্রকাশিত ছবি ও ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভক্ত তার রূপ ও পোশাকের প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে, কয়েকজন মন্তব্য করেছেন, ‘বার্থডে গার্ল’-এর পরিবর্তে ‘বার্থডে লেডি’ বলাই বেশি মানানসই। সব মিলিয়ে জন্মদিনের সাজ ও ক্যাপশন-দুটিই আলোচনায় এসেছে।
জা.অর্থনীতি/এসআই