ষাটের দাপুটে অভিনেত্রী নাসিমা খান আর নেই

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালী যুগের প্রখ্যাত ও দাপুটে অভিনেত্রী নাসিমা খান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নিজের অনন্য অভিনয়শৈলী দিয়ে দর্শকদের হৃদয়ে একচ্ছত্র রাজত্ব করেছিলেন তিনি। ১৯৫৯ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রে একক নায়িকা হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’ ও ‘দুই ভাই’-এর মতো কালজয়ী চলচ্চিত্রে আনোয়ার হোসেন, হাসান ইমাম ও রহমানের মতো কিংবদন্তি অভিনেতাদের বিপরীতে তার পারফর্ম্যান্স আজও রূপালী পর্দার ইতিহাসে স্মরণীয়।

২০১১ সালের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় এই গুণী অভিনেত্রীকে শেষবারের মতো অভিনয়ে দেখা যায়। প্রবীণ দাপুটে এই অভিনেত্রীর প্রয়াণে দেশের চলচ্চিত্রাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জা. অর্থনীতি/এআর