নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চলকে পৃথক ইউনিয়নে বিভক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বসন্তপুর বাজারে ‘ছাতারপাইয়া উত্তরাঞ্চলের উন্নয়নের স্বার্থে ইউনিয়ন বিভক্তির দাবি’ শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চল আয়তন ও জনসংখ্যার দিক থেকে বড় হওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রশাসনিক সেবা পেতে নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত উন্নয়ন কার্যক্রমও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। ফলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে পৃথক ইউনিয়নে বিভক্ত করা প্রয়োজন।
লটারি নয়, ময়মনসিংহে ভর্তি পরীক্ষার দাবি অভিভাবকদের
স্থানীয়রা জানান, পৃথক ইউনিয়ন প্রতিষ্ঠার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ‘উন্নয়ন চাই, বিভক্তি চাই’—এই দাবিতে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী, মাহতাবপুর, বসন্তপুর উত্তর ও দক্ষিণ, বিরাহিমপুর, লেমুয়া এবং ঠনারপাড় এলাকার বাসিন্দারা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন- উত্তরাঞ্চল ইউনিয়ন প্রতিষ্ঠা আন্দোলনের আহ্বায়ক ও ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মহিউদ্দিন ভূঁইয়া, তাবারক উল্ল্যাহ বেছু, মানিক হোসেন, নোয়াখালী জেলা জজ কোর্টের আইনজীবী শামসুল আলম শাফি, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরুজ উদ্দিন হিরুন, মো. জামাল মেম্বার, ডা. এমরান, মাইন উদ্দিন খন্দকার এবং বসন্তপুর মধ্যমপাড়া সমাজ কমিটির সভাপতি নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
—জা. অর্থনীতি/এনজে