লটারি নয়, ময়মনসিংহে ভর্তি পরীক্ষার দাবি অভিভাবকদের
ছবি: জাতীয় অর্থনীতি

ময়মনসিংহ প্রতিনিধি: সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ অভিভাবক ও শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
 
সম্প্রতি এ বিষয়ে মাউশির নতুন খসড়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক খায়রুল ইসলাম বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। দীর্ঘদিন পড়াশোনা ও প্রস্তুতি নেওয়ার পরও কেবল লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির সুযোগ নির্ধারিত হওয়ায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

অভিভাবকদের অভিযোগ, লটারি পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করতে আগের মতো ভর্তি পরীক্ষা চালুর দাবি জানান তারা।

মানববন্ধনে নূরন্নাহার বেগম বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পরিবর্তে শুধু ভাগ্যের ওপর ভর্তি নির্ভর করা উচিত নয়। শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া দরকার। 

অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া রহমান বলেন, লটারি নয় পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হলে প্রকৃত শিক্ষার মূল্যায়ন হবে।

মানববন্ধন থেকে দ্রুত লটারি পদ্ধতি বাতিল করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালুর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

—জা. অর্থনীতি/এনজে