অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে।
বজ্রঝড়টির গতিপ্রকৃতি সম্পর্কে মোস্তফা কামাল পলাশ বলেন, চট্টগ্রাম বিভাগের দিক থেকে ধীরগতিতে অগ্রসর হওয়া বৃষ্টিবাহী মেঘ ও বজ্রঝড় বর্তমানে কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে। এটি সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে এবং সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বৃষ্টিবাহী মেঘ ধীরগতিতে অগ্রসর হওয়ায় ঢাকার ওপর বৃষ্টিপাত ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
—জা. অর্থনীতি/এএইচএ