কমলগঞ্জে বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীগোবিন্দপুর চা বাগানে গরু চরাতে গিয়ে আকস্মিক বজ্রপাতে মিরন দাস পাইনকা (২৫) নামে এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের ‘পেঁচার পুল’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরন দাস পাইনকা ওই চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে। তিনি পেশায় চা-বাগানের শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল সংলগ্ন নির্জন টিলা ও মাঠে গরু চরাতে যান মিরন। দুপুরে আকস্মিকভাবে আকাশ মেঘলা হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে আশেপাশের অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীগোবিন্দপুর চা বাগান হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী জানান, মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে ওই চা-শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যসহ প্রতিনিধি দল নিহতের বাড়িতে গেছে। তার এই অকাল মৃত্যুতে চা-বাগান এলাকায় এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ইউপি প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সার্বিক সহায়তা ও সমবেদনা জানানো হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি