আন্তর্জাতিক ডেস্ক: পাটনা থেকে লখনউগামী ইন্ডিগোর একটি উড়োজাহাজ ১৭ হাজার ফুট উচ্চতায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উড়োজাহাজটি লখনউয়ে নিরাপদে অবতরণ করলেও এর সামনের অংশের র্যাডোম ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় উড়োজাহাজে থাকা ১০৪ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।
ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৬২৫ পাটনা থেকে লখনউ যাওয়ার পথে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। অবতরণের সময় সেখানে শিলাবৃষ্টিও হচ্ছিল। এর মধ্যেই উড়োজাহাজটির র্যাডোমে ক্ষতি হয়। পরে নির্ধারিত সময়ের আট মিনিট আগেই এটি লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর সব যাত্রী ও ক্রু উড়োজাহাজ থেকে নেমে যান। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বর্তমানে গ্রাউন্ডেড করা হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন) ঘটনাটি তদন্ত করছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পরই উড়োজাহাজটি আবার চলাচলে ফিরবে বলে জানিয়েছে ইন্ডিগো।
এর আগে গত মাসে গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি এ৩২১নিও উড়োজাহাজও প্রতিকূল আবহাওয়ার মধ্যে অবতরণের সময় অস্বাভাবিকভাবে রানওয়ের সংস্পর্শে আসে। ওই উড়োজাহাজও পরে গ্রাউন্ডেড করা হয়েছিল।
জা.অর্থনীতি/এসআই