২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও ময়মনসিংহে ২৫৮ মিলিমিটার বৃষ্টি,  বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক: দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে উজানে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গেও হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহে।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) এ তথ্য জানিয়েছে।

বাপাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহে ২৫৮ মিলিমিটার এবং বান্দরবানের লামায় ২১৮ মিলিমিটার।

এ ছাড়া বান্দরবানে ১৯৫ মিলিমিটার, ভৈরববাজারে ১৯৩ মিলিমিটার, হবিগঞ্জের ইটাখোলায় ১৮৮ মিলিমিটার, জামালপুরের দেওয়ানগঞ্জে ১৮৪ মিলিমিটার, রাঙামাটিতে ১৬৪ মিলিমিটার, ঠাকুরগাঁওয়ে ১৫৬ মিলিমিটার এবং কুড়িগ্রামের চিলমারীতে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামের পাঁচপুকুরিয়ায় ১৪৮ মিলিমিটার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩১ মিলিমিটার, হবিগঞ্জের চাঁদপুর বাগানে ১২৯ মিলিমিটার, সিলেটের শেরপুরে ১২৮ মিলিমিটার, রংপুরের কাউনিয়ায় ১২২ মিলিমিটার এবং জামালপুরে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বাপাউবো জানায়, উজানেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ১০৪ মিলিমিটার, ত্রিপুরার আগরতলায় ৮৮ মিলিমিটার, সাবরুমে ৮৫ মিলিমিটার, মনুঘাটে ৮৩ মিলিমিটার এবং আসামের সিলচরে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে নিচু এলাকা ও বন্যাপ্রবণ অঞ্চলে জলাবদ্ধতা এবং স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

জা.অর্থনীতি/এসআই