আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপানে ভয়াবহ বন্যা, ভূমিধস ও জনজীবনে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন এলাকায় ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে টোকিওর কাছাকাছি এলাকায় বিমান ও রেল যোগাযোগে ব্যাপক বিঘ্ন ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) বেগে জাপানের রাজধানী টোকিওর কাছে কাতসুউরার ১৩০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে টাইফুন দুজুয়ান। এতে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়োদো নিউজ জানিয়েছে, ঝড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে টাইফুনটি উপকূল থেকে কিছুটা দূরে সরে উত্তর-পূর্ব দিকে আলেউশিয়ান দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হতে শুরু করে। এ সময় ঝড়টির বাতাসের তীব্রতা কিছুটা কমে আসে। তবে উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
টাইফুনের কারণে টোকিও ও ওসাকার মধ্যবর্তী বুলেট ট্রেনসহ একাধিক রেলসেবা স্থগিত করা হয়। বিমান চলাচলেও চরম বিঘ্ন ঘটে। জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করেছে। এতে বিমানবন্দরে আটকা পড়েন শত শত যাত্রী। জেএমএ জানিয়েছে, ঝড়ের প্রভাবে সেপ্টেম্বরের গড় বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে জনপ্রিয় পর্যটনকেন্দ্র কামাকুরা স্টেশনের সামনের রাস্তাগুলো প্লাবিত হতে দেখা গেছে। কামাকুরার মেয়র তাকাশি মাতসুও বাসিন্দাদের গাড়ি না চালানোর অনুরোধ করেছেন। টোকিওর পূর্বে ইচিকাওয়া শহরের বেশ কিছু এলাকাও প্লাবিত হয়েছে।
ঝড়ের কারণে ‘টোকিও গেম শো’-এর শেষ দিনের কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। চিবা অঞ্চলের একটি বড় আউটডোর সংগীত উৎসব ও বেসবল ম্যাচও বাতিল করা হয়েছে। চলতি বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন এটি।
জা.অর্থনীতি/এসআই