বৈঠকে ট্রাম্প-রুট: ন্যাটোর সম্মেলন নিয়ে উত্তেজনা বাড়ছে
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জোটের মহাসচিব মার্ক রুট।

আগামী জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটোর শীর্ষ সম্মেলনের আগে জোটের অভ্যন্তরীণ উত্তেজনা প্রশমনে বুধবারের (২৪ জুন) এ বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটোর কড়া সমালোচক এবং তিনি এই জোটকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেছেন।

বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বা মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ন্যাটোর অনীহা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে।

গত কয়েক মাসে ট্রাম্পের সঙ্গে ন্যাটোর দূরত্ব বেড়েছে। ট্রাম্পের ইরান অভিযানে মিত্ররা সায় না দেওয়ায় তিনি এমনকি ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি থেকে বেরিয়ে আসার এবং জোট ত্যাগ করার হুমকিও দিয়েছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক রুট বলেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে না দেয়ার ঘটনাগুলো ‘বিচ্ছিন্ন’। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দেবেন যে ইউরোপের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকেই শতশত বিমান ওয়াশিংটনের যুদ্ধে সহায়তা করতে উড়াল দিয়েছে। এছাড়া ন্যাটো সদস্যরা তাদের প্রতিরক্ষা বাজেট অনেক বাড়াচ্ছে এবং আজ তিনি সেই ‘বিশাল’ অংকের তথ্য ট্রাম্পের সামনে তুলে ধরবেন।

উল্লেখ্য, আগামী ৭-৮ জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে।

—জা.অর্থনীতি/এনজে