দালালকে বাঁচাতে ম্যাজিস্ট্রেটকে নেতার ফোন
ছবি: জাতীয় অর্থনীতি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিসে দালালির অভিযোগে মিলন নামে এক কম্পিউটার ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

 মঙ্গলবার  (৩০ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত মিলনকে ছাড়িয়ে নিতে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক আব্দুল জলিলের সুপারিশের একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ায় স্থানীয়ভাবে সমালোচনা সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, এনসিপি নেতা আব্দুল জলিল নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করে মিলনকে তার দলের নেতা দাবি করেন এবং ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। ম্যাজিস্ট্রেট আইনি কারণে অপারগতা প্রকাশ করলে জলিল বলেন, “ঠিক আছে, এমপি স্যারকে বলি।” এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।

শুরুতে অস্বীকার করলেও পরে আব্দুল জলিল ফোন করার কথা স্বীকার করে বলেন, বিস্তারিত জানার পর তিনি আর কোনো তদবির করেননি। অন্যদিকে, ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর জানান, অপরাধীর পক্ষে সুপারিশ করা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তদন্তে প্রমাণ মিললে ওই নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এলএটি