২০২৮ সালে ১৫ দিনের ব্যবধানে দুইবার দুর্গাপূজা!

আন্তর্জাতিক ডেস্ক: দুর্গাপূজার সময় নির্ধারণে পঞ্জিকার গণনাপদ্ধতির পার্থক্যের কারণে ২০২৮ সালে একই বছরে দুই দফায় শারদীয় দুর্গোৎসব আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে। দুটি পদ্ধতি অনুসারে পূজার সময় আলাদা হওয়ায় সেপ্টেম্বরের শেষ ভাগ ও অক্টোবরের মাঝামাঝি সময়ে দেবী দুর্গার আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলায় দুর্গাপূজার ক্ষেত্রে মূলত দুটি পদ্ধতি অনুসরণ করা হয়। এগুলো হলো বিশুদ্ধ সিদ্ধান্ত ও সূর্য সিদ্ধান্ত। এই দুই পদ্ধতিতে তিথি নির্ধারণের হিসাবের পার্থক্যের কারণেই ২০২৮ সালে পূজার সময়সূচিতে ব্যবধান তৈরি হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে ২০২৮ সালের দুর্গাপূজা সেপ্টেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হবে। অন্যদিকে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী পূজার আয়োজন হবে অক্টোবরের মাঝামাঝি সময়ে। দুই সূচির মধ্যে ব্যবধান থাকবে ১৫ দিনের বেশি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পদ্ধতিতে দৃকসিদ্ধ গণনাপদ্ধতি অনুসরণ করা হয়। অন্যদিকে সূর্য সিদ্ধান্তে মহাজাগতিক অবস্থানের ভিত্তিতে তিথি ও নক্ষত্র গণনা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মতো বিভিন্ন প্রতিষ্ঠান বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে দুর্গাপূজা আয়োজন করে। অন্যদিকে বনেদি বাড়ি, বারোয়ারি ও সর্বজনীন পূজায় সূর্য সিদ্ধান্ত অনুসরণের প্রচলন রয়েছে।

একই বছরে দুই পদ্ধতিতে দুর্গাপূজার এমন ঘটনা অতীতেও ঘটেছে। ১৯৮০ সালেও দুই পদ্ধতি অনুসারে ভিন্ন সময়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, উভয় পদ্ধতিতেই পূজার আয়োজন শুদ্ধ বলে বিবেচিত হয়।

জা.অর্থনীতি/এসআই