ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত ব্যক্তিরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আড়পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে পরবর্তীতে জানা যাবে।
—জা. অর্থনীতি/এলএটি