ফরিদপুর প্রতিনিধি: অনুমোদনহীন কারখানায় অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ ও শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ভেজাল আয়ুর্বেদিক সামগ্রী তৈরির দায়ে ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জ্যেষ্ঠ নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০)। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। আলফাডাঙ্গা উপজেলার স্থায়ী বাসিন্দা বায়েজিদ দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করে ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামে একটি প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গোয়ালচামট এলাকার ওই কারখানায় এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে চরম অনিয়ম ও অননুমোদিত ওষুধ উৎপাদনের সুস্পষ্ট প্রমাণ মেলে। পরবর্তীতে অপরাধের সত্যতা পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন। সাজা ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত বায়োজিদকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, কোনো বৈধ অনুমোদন ছাড়াই কারখানাটি চালু রাখা হয়েছিল। সেখানে বেআইনিভাবে শিশুদের বেবি জেল, যৌন উত্তেজক সামগ্রী এবং বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। তল্লাশিকালে কারখানাটি থেকে এসব বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ সামগ্রী জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধেই এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় নেতার সাজাপ্রাপ্তির বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন জানান, অপরাধ ও অন্যায়ের বিষয়ে তাদের দলীয় অবস্থান অত্যন্ত কঠোর। অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি