জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটে বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা এই দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের মেয়াদের শেষের দুই বছর অনেকটাই ভিন্ন হতে পারে।
মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা যদি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পান, তাহলে রিপাবলিকানরা তাঁদের সমর্থন ছাড়া ওই কক্ষে কোনো আইন পাস করতে পারবেন না। ট্রাম্পের জন্য সবচেয়ে দুঃসংবাদ হবে, ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ তাঁর প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালে আরও কিছু বিপদের মুখে পড়তে পারে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। তদন্তের পাশাপাশি তখন বিভিন্ন নথিপত্র ও সাক্ষীদের তলব করতে পারবেন ডোমোক্রাটরা। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগও নিতে পারেন তাঁরা।
আসা যাক সিনেটের হিসাবে। মন্ত্রিপরিষদের সদস্য, রাষ্ট্রদূত ও কেন্দ্রীয় বিচারপতিদের নিয়োগের বিষয়টি অনুমোদন করে সিনেট। ডেমোক্র্যাটরা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্পের অনেক নিয়োগ আটকে দিতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন আইন প্রণয়নে হোয়াইট হাউসকে সমঝোতায় আসতে বাধ্য করতে পারবেন।
রিপাবলিকানরা যদি কংগ্রেসের একটি বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন, এরপরও সংখ্যাগরিষ্ঠতা কমে যাওয়ায় সরকার পরিচালনা করা তাঁদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে কোনো আইন পাসের জন্য নিজ দলের প্রায় সব সদস্যের সমর্থন প্রয়োজন হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
—জা.অর্থনীতি/জেআরটি
